হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার হাজী নূর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাল
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডার, কাপাসাটিয়া নিবাসী হাজী আলহাজ্ব নূর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে হোসেনপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ১০ টায় নিজ গ্রাম কাপাসাটিয়ায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে *রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার* প্রদান করবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন জানান, একজন বীর মুক্তিযোদ্ধার মর্যাদা অনুযায়ী তার দাফনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম , গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা এক শোক বার্তায় বলেন, “মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের অবদান হোসেনপুরবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন সূর্য সন্তানকে হারালো।” নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার জানাজায় সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র -সঞ্চিত চন্দ্র শীল/ পি পি