
সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মারশাফি বিন মর্তুজা আনোয়ার। তিনি দলীয় মনোনয়ন ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক ও সামাজিকভাবে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
মারশাফি বিন মর্তুজা আনোয়ারের পিতা মো. জহিরুল হক, যিনি হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানান। পারিবারিকভাবেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে মাশরাফি বিন মর্তুজা আনোয়ার বলেন, তিনি ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। একপর্যায়ে তিনি সাবেক ইউনিয়ন বিএনপির ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানান। এছাড়া হোসেনপুর ডিগ্রি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, কর্মজীবনের একটি সময়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেখানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই দীর্ঘদিন ধরে তিনি দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মাশরাফি বিন মর্তুজা আনোয়ার বলেন, দল যদি তাকে ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সুযোগ দেয়, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।
তবে দলীয় মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা আনোয়ার। তিনি বলেন, দল যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তিনি তার পক্ষেই কাজ করবেন এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে শুধু নির্বাচনে অংশগ্রহণের বিষয় নয়; বরং মানুষের পাশে থাকা এবং দলীয় আদর্শকে ধারণ করে কাজ করাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে কাজ করতে চান তিনি।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাশরাফি বিন মর্তুজা আনোয়ারের এমন আগ্রহকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
মাশরাফি বিন মর্তুজা আনোয়ার বলেন, “আমি জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। দল আমাকে সুযোগ দিলে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেব। আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তার পক্ষেই কাজ করব। এ জন্য আমি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।”
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন—তা দলীয় সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে।