হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদ দাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করা এবং দোকানপাট ভাঙচুর ও লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফজলুল করিম হোসেনপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত মংগবার (৫ মে ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ ফজলুল করিম (৬৫) জানান, দীর্ঘ ৩৫ বছর যাবৎ ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে পগাড় ও পুকুরের মাটি দিয়ে ভরাট করে তিনি দোকানপাট নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
কিন্তু প্রতিবেশী মোঃ জালাল মিয়া (৫০), মোঃ পারভেজ মিয়া (৪৫), মোছাঃ শিরিন আক্তার (৫০), মোঃ সাগর মিয়া (২২), মোঃ সজিব মিয়া (২১), মোছাঃ সাদিয়া আক্তার (২০), মোঃ খাইরুল মিয়া (৫০) ও মোঃ সুজন মিয়া (৪০) গং দীর্ঘদিন ধরে লোবের বশবর্তী হয়ে তার নিকট জমি পাবে দাবি করে জবর দখলের পাঁয়তারা করে আসছিলেন। স্থানীয় শালিস দরবারেও তারা কারও কথা মানছিলেন না।
ঘটনার দিন উল্লিখিত বিবাদীগণ অজ্ঞাতনামা ১০-১২ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফজলুল করিমের জায়গাতে অবস্থান নেয়। বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং ১, ২, ৩ ও ৪ নং বিবাদী ধাক্কা দিয়ে মারধর করে নীলাফুলা জখম করে।
ডাকচিৎকারে তার স্ত্রী মোছাঃ আঙ্গুরা খাতুন (৫২) এগিয়ে গেলে ৫ ও ৬ নং বিবাদী লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মেয়ে মোছাঃ লাকী আক্তার (৩২) এগিয়ে গেলে ৭ ও ৮ নং বিবাদী তাকেও কিল, ঘুষি মেরে জখম করে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ফজলুল করিমের জায়গাতে নির্মাণাধীন ভাড়াটিয়াদের দোকানপাটে হামলা চালায়। ১-৫ নং বিবাদী ভাড়াটিয়া দোকানি মোঃ আশু মিয়া (৪০) এর মনোহারী ও লাখড়ির দোকানের মালামাল বের করে ভাঙচুর করে আনুমানিক ৩৫,০০০ টাকার ক্ষতিসাধন করে। ৬-৮ নং বিবাদী দোকানের চায়ের ৪টি কেটলি, মনিহারী বিভিন্ন মালামাল আনুমানিক ৫০,০০০ টাকার লুটপাট করে।
এছাড়া দোকানের সামনে থাকা প্রায় ৪২,০০০ টাকার লাখড়ি তারা জিম্মায় নিয়ে যায়। পরে আরেকটি দোকান ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিছানা, চৌকি, আলনা, সুকেস, আসবাবপত্র আনুমানিক ৮০,০০০ টাকার মালামাল লুট করে নেয়। ১ নং বিবাদী বিছানার নিচে রক্ষিত নগদ ৮,০০০ টাকাও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ডাকচিৎকারে আশপাশের লোকজন ও সাক্ষী মোঃ শরিফ মিয়া (৪০), মোঃ সুলতান মিয়া (৫৫), মোঃ আশু মিয়া (৪০), মোঃ আলামিন (২৬) সহ অনেকে এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে। হামলাকারীরা এসময় হুমকি দিয়ে বলে, “আমরা কেহ জায়গা ও দোকানপাটে গেলে প্রাণে মেরে ফেলব” বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে উল্লিখিত ভূমির তফসিল হলো- মৌজা: মাধখলা, থানা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ। খতিয়ান নং ৬১৮, এসএ দাগ ১৬৭৭, আরএস দাগ নং ৩৪৪৪, ৩৪৪৬, ৩৪৪৫। জমির শ্রেণী কান্দা, পরিমাণ যথাক্রমে ০৬, ০৪ ও ০৫ শতাংশ।
ভুক্তভোগী ফজলুল করিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অবহিত করে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ করে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সূএ-সঞ্জিত চন্দ্র শীল/ পি পি