পাকুন্দিয়া পৌরসভায় ৫টি নতুন রাস্তার উদ্বোধন
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ৫টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। এ উন্নয়ন কার্যক্রমকে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এসব রাস্তার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিস রিফাত জাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ এফরান উদ্দিন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক, শরিফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন সাধারণ মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
বক্তারা আরও বলেন, উন্নত সড়ক যোগাযোগ শুধু মানুষের চলাচল সহজ করে না, বরং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলে। নতুন এসব রাস্তা চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত। তারা বলেন, রাস্তা উন্নয়ন হওয়ায় এখন আর কাদা-পানি ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগ পোহাতে হবে না। এতে পৌর এলাকার সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বক্তারা শেষে বলেন, পাকুন্দিয়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও স্থানীয় প্রশাসনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূএ- এম এ হান্নান / পি পি